বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম রংপুরে জাপানি নাগরিক হত্যার পরিকল্পনাকারী



রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত সাদ্দাম হোসেন ওরফে রাহুল ওরফে চঞ্চল ওরফে সবুজ ওরফে রবি (২১) রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যার পরিকল্পনা করেছিলেন। এ ছাড়া কুনিও হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সরবরাহ করেছিলেন তিনি। কুনিও হত্যার অভিযোগপত্র থেকে এ তথ্য জানা গেছে।

আজ শুক্রবার সকালে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বেড়িবাঁধ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নব্য জেএমবির নেতা ও ঢাকার গুলশান হামলার ‘অপারেশন কমান্ডার’ নুরুল ইসলাম ওরফে মারজান নিহত হন। এ সময় তাঁর সহযোগী সাদ্দামও নিহত হন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চর বিদ্যানন্দ (দোতলা মসজিদের পাশে) এলাকার আলম মিয়া ও সুফিয়া বেগমের ছেলে সাদ্দাম হোসেন। ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম সাদ্দাম বিবাহিত। তাঁর একটি শিশুসন্তানও রয়েছে।

নিহত সাদ্দামের বাবা আলম মিয়া বলেন, গত বছর ১৪ এপ্রিল থেকে সাদ্দাম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় তাঁর শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে সাদ্দামের স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন কোথায় আছেন, তা সাদ্দামের বাবা জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, সাদ্দাম ২০১৩-১৪ শিক্ষাবর্ষে লালমনিরহাট সরকারি কলেজে ইতিহাস বিভাগের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ছিলেন। বাড়ি থেকে কলেজে যাতায়াত করতেন। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর তিনি বিয়ে করেন। তিনি ছেলের লাশ ফেরত চেয়েছেন।

জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার অভিযোগপত্র থেকে জানা গেছে, সাদ্দাম জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ পর্যায়ের সক্রিয় সদস্য ছিলেন। তিনি বিভিন্ন এলাকায় অবস্থান করে জেএমবির কার্যক্রম পরিচালনা করতেন। জাপানি নাগরিক কুনিওকে হত্যা করার টার্গেট ও পরিকল্পনা করেন সাদ্দাম। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি সরবরাহ করেন তিনি।

সাদ্দাম সম্পর্কে কুনিও হত্যার অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, বিদেশি নাগরিকদের হত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য হাইকমান্ডের নির্দেশমতো জাপানি নাগরিক কুনিওকে হত্যার পরিকল্পনা করেন সাদ্দাম। সাদ্দামসহ তাঁর সহযোগীরা কুনিওকে হত্যার ১০ দিন আগে থেকে তাঁর চলাচল ও গতিবিধির ওপর নজর রাখেন। কুনিও হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সাদ্দামসহ তাঁর সহযোগীরা রংপুর শহরের ছোট নুরপুর এলাকায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন। ব্যাটারিচালিত একটি অটোরিকশা কিনে শহর ও আশপাশের রাস্তা দিয়ে ঘুরে বেড়িয়ে তাঁরা রাস্তা চিনে নিয়েছিলেন।

সাদ্দাম সাম্প্রতিক সময়ে জাপানি নাগরিক কুনিও হত্যাসহ রংপুরের কাউনিয়া উপজেলায় দরবারের খাদেম রহমত আলী হত্যা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সহকারী বাহাই সম্প্রদায়ের রুহুল আমিন হত্যাচেষ্টা মামলারও আসামি।

এর আগে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলার অভিযুক্ত আসামি পঞ্চগড়ের দেবীগঞ্জের গজপুরি এলাকার নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান (২৮) রাজশাহীতে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।



Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment