প্রধান অতিথি নিয়ে মতবিরোধ কারমাইকেল কলেজের শতবর্ষ উদ্‌যাপন স্থগিত



প্রধান অতিথি করা নিয়ে মতবিরোধের জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠান।




জাতীয় পার্টির (জাপা) স্থানীয় নেতারা চাইছেন দলীয় চেয়ারম্যান সাবেক স্বৈরশাসক এইচ এম এরশাদকে প্রধান অতিথি করা হোক। এদিকে কলেজ প্রশাসন চায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রধান অতিথি করতে। এ নিয়ে দুই পক্ষের সমঝোতা না হওয়ায় ১৪ ডিসেম্বর কলেজ কর্তৃপক্ষ শতবর্ষ উৎসব উদ্‌যাপন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।


কলেজ কর্তৃপক্ষ জানায়, ১০ নভেম্বর কলেজটির শতবর্ষপূর্তি হয়। প্রথম দফায় ৪ ও ৫ নভেম্বর উদ্‌যাপনের তারিখ ঘোষণা করা হয়। পরে ২৩ ও ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়।


শতবর্ষ উদ্‌যাপন পর্ষদের আহ্বায়ক শিক্ষক সুজন শাহ-ই ফজলুল বলেন, ইতিমধ্যে ১৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রাক্তন শিক্ষার্থী ২ হাজার ও বর্তমান শিক্ষার্থী ১৩ হাজার।


গতকাল সোমবার জানতে চাইলে রংপুর মহানগর জাপার সদস্যসচিব এস এম ইয়াসির বলেন, ‘আমাদের দাবি, এরশাদই হবেন প্রধান অতিথি। কারণ, তিনি এই কলেজেরই প্রাক্তন ছাত্র। সেই সঙ্গে তিনি সাবেক রাষ্ট্রপতি।’


কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া বলেন, ‘আমরা প্রধান অতিথি করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। সময়ের অভাবে তিনি এ আমন্ত্রণ রক্ষা করতে পারেননি। পরে শিক্ষামন্ত্রীকে প্রধান অতিথি করার সিদ্ধান্ত হয়। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় অনির্দিষ্টকালের জন্য এ উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। প্রধান অতিথি নির্ধারণ করা হলেই শতবর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।’




Share on Google Plus

About WARAJ

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment